ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে একটি আইন-শৃঙ্খলা সমন্বয় সভা বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
সভায় তিনি উপস্থিত সকল সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি সাংবিধানিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভোটের দিন আইন-শৃঙ্খলার রক্ষা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল সংশ্লিষ্ট সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় পুলিশ কমিশনার সকলের মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে গ্রহণ করেন এবং সভায় আলোচ্য বিষয়গুলোর সঙ্গে বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নির্ধারণ করা হয়। সভায় নিরাপত্তা, সমন্বয় ও দায়িত্বশীল কর্মকাণ্ডের ওপর বিশেষ জোর দেওয়া হয়। তিনি উল্লেখ করেন যে, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন অপরিহার্য।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি, গাজীপুর সিটি কর্পোরেশন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, ডিজিএফআই, র্যাব, এনএসআই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পল্লী বিদ্যুৎ সমিতি-১ গাজীপুরের প্রতিনিধি। এছাড়াও বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারবৃন্দও সভায় অংশগ্রহণ করেন।
সভা শেষে সব সংস্থা সমন্বয়ের মাধ্যমে ভোটকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করে। আলোচনায় উঠে আসে ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষা, নির্বাচনী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কৌশল।
এই সমন্বয় সভার মাধ্যমে স্পষ্ট করা হয় যে, গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকল দপ্তর একযোগে কাজ করবে। ভোটাররা সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ পরিবেশে তাদের অধিকার প্রয়োগ করতে পারবে—এটাই এই সভার মূল লক্ষ্য।