আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র ধূমপানমুক্ত রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে সকল রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ইসির পাঠানো চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন। উক্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৭৯টি এবং ভোটকক্ষ (বুথ) নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

ইসি জানিয়েছে, নির্বাচন কার্যক্রম পরিচালনায় মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৪২ হাজার ৭৭৯ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটকেন্দ্র ও বুথের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ কারণে ব্যালট গণনায় স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি সময় লাগতে পারে।

বর্তমানে দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।

তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪৪ হাজার ভোটকেন্দ্র ছিল। একাদশ সংসদ নির্বাচনে ৪০ হাজারের বেশি, দশম সংসদ নির্বাচনে ৩৭ হাজার ৭০৭টি এবং নবম সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৩৫ হাজার ২৬৩টি।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন।