অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানায়। গত ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদ ছিল ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। এক বছর আগে এটি ছিল ১৪ কোটি এক লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। অর্থাৎ এক বছরে তার সম্পদ বেড়েছে এক কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা।
সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানত বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদির কারণে মোট সম্পদ বেড়েছে বলে তিনি জানিয়েছেন। প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের মোট পরিসম্পদ এক কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা, যা আগের অর্থবছরে ছিল দুই কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। এর ফলে এক বছরে তার সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা। আয়কর আইন অনুযায়ী একজন করদাতার মালিকানাধীন স্থাবর-অস্থাবর, আর্থিক ও মূলধনী সম্পত্তির সমষ্টি হলো পরিসম্পদ।
অধ্যাপক ইউনূসের সম্পদের বিবরণের তথ্য অনুযায়ী তার আর্থিক সম্পদ ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৪০১ টাকা। এক বছর আগে এটি ছিল ১৩ কোটি ১৮ লাখ ৭১ হাজার ৪৩৩ টাকা। নন ফাইনান্সিয়াল সম্পদ রয়েছে ২১ লাখ ৬ হাজার ২৫০ টাকা, যা এক বছর আগে ছিল ২০ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। দেশের বাইরে তার সম্পদ ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা, এক বছর আগে ছিল ৬১ লাখ ৭৫ হাজার ৭৪০ টাকা।
এদিকে উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরাও তাদের সম্পদের বিবরণ প্রকাশ করেন। ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুততম সময়ের মধ্যে তাঁর সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে।