পবিত্র রমজান মাসের প্রথম জুমায় বায়তুল মোকাররম মসজিদে ছিল মুসল্লিদের ঢল। হয়েছে বিশেষ মোনাজাত।

নামাজে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই মুসল্লিরা আসতে থাকেন। আজানের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেন দেশবাসী। রহমতের দ্বিতীয় রোজায় পড়েছে বরকতময় এ জুমা।

বায়তুল মোকাররমে দেখা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকায় নানা বয়সী মানুষ মসজিদে আসা শুরু করেন।

দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে উঠে মসজিদের মূল ভবন। ফলে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় কয়েক শতাধিক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন।

নগরীর নানা প্রান্ত থেকে বায়তুল মোকাররম মসজিদে এসে জুমার নামাজ আদায় করেন মানুষ।

মুসল্লিারা বলেন, রমজানের সবগুলো জুমার নামাজ বায়তুল মোকাররমে পড়ার চেষ্টা করি, তাই আজ চলে এলাম।

এদিকে জুমার নামাজ ঘিরে মসজিদের সম্মুখে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।