বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি বিল’ নিয়ে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নগ্ন দলীয়করণ করা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক যেভাবে দখল করা হয়েছে, যেভাবে বিসিবিকে... এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর নাই। এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যে মানবাধিকার কমিশনকে বিরোধী দল ও মতকে দমনের জন্য ব্যবহার করা হয়েছে, ভিক্টিম ব্লেমিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে, গুম-খুনের বৈধতা উৎপাদন করা হয়েছে; এই কমিশনকে যদি আমরা মন্ত্রণালয়ের অধীনে রাখি এবং এর মাধ্যমেই যদি জুলাই গণ-অভ্যুত্থানের বিচারের কার্যক্রম নিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয়, সে ক্ষেত্রে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে।’

হাসনাত বলেন, ‘আমি যখন এখানে কথা বলছি, তখন ২৮ জন বিচারককে শোকজ করা হয়েছে ব্যক্তিগত চ্যাটগ্রুপে মতামত প্রকাশ করার কারণে। এই বাস্তবতায় জাতীয় মানবাধিকার কমিশনকে আমরা যদি মন্ত্রণালয়ের অধীনে রাখি, আমরা নিরপেক্ষ কোনো অনুসন্ধান কতটা পাব, সেটা নিয়ে আমরা সন্দিহান। আমরা যদি এই বিলকে ফাংশনাল করতে চাই, তাহলে অবশ্যই মানবাধিকার কমিশনকে অটোনোমাস করতে হবে।’