বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের দায়ে এক বিএনপি নেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত তাহেরুল ইসলাম রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে নারীদের ভোটকক্ষে অনুমতি ছাড়া প্রবেশ করেন তাহেরুল ইসলাম। এ ঘটনায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকারনামা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে তাহেরুল ইসলাম বলেন, ওই কেন্দ্রে জামায়াতের কিছু নারী কর্মী ‘জান্নাতের টিকিট বিক্রি’ করছিলেন। বিষয়টি দেখে তিনি বাধা দিতে গেলে এ ঘটনা ঘটে।
জাতীয়
বগুড়ায় অবৈধভাবে কেন্দ্রে প্রবেশ, বিএনপি নেতাকে জরিমানা