পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আজ ২০ মার্চ, পালিত হচ্ছে জুমাতুল বিদা। এ উপলক্ষে সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বিশেষ ইবাদত ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।
‘বিদা’ শব্দের অর্থ বিদায় বা শেষ। সেই অর্থে জুমাতুল বিদা হলো রমজান মাসের শেষ জুমা, যা মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-সহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করবেন। নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার গুরুত্ব ও ফজিলত তুলে ধরে খুতবা প্রদান করবেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনায় মোনাজাত করা হবে।
ইসলামে রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন—রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়।
মুমিন মুসলমানদের কাছে রমজান আত্মশুদ্ধির মাস। আর জুমাতুল বিদার মাধ্যমে এই পবিত্র মাসকে বিদায় জানানোর প্রস্তুতি সম্পন্ন হয়।