রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকায় বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী আফরোজা খানম রিতা দেশের অ্যাভিয়েশন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। জবাবে ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারের সঙ্গে সব ধরনের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সারাহ কুক আরও জানান, বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে যুক্তরাজ্য পাশে থাকতে আগ্রহী।
এ সময় বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।