রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর প্রথম কর্মদিবসে বর্ণাঢ্য প্রটোকলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে তিনি রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছান। বঙ্গভবনের প্রধান ফটকে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে এগিয়ে নিয়ে যায়।
একইসাথে বঙ্গভবনের ক্রেডেন্সিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। এরপর বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতির সামরিক সচিব, জনবিভাগের সচিব, প্রেস সচিব ও পিজিআর কমান্ডার রাষ্ট্রপতি এবং তাঁর পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।
গার্ড অব অনার প্রদান শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান।
সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি তাঁর নির্ধারিত কার্যালয়ে আসন গ্রহণ করেন এবং প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রে স্বাক্ষর করেন। সেইসাথে প্রথম কার্যদিবসের আনুষ্ঠানিকতা শেষে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন।