গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নতুন সরকার গঠনের মধ্য দিয়ে শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম। নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথের মাধ্যমে ড. ইউনূসের প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়। নতুন সরকার গঠিত হওয়ায় প্রশ্ন উঠেছে— রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে ড. মুহাম্মদ ইউনূস কোথায় থাকবেন?

জানা গেছে, বিদায়ি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যমুনা ছেড়ে গুলশানে নিজস্ব বাসভবনে উঠবেন। সেটি আগামী সপ্তাহে হতে পারে।

এদিকে সরকারের একটি সূত্র জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠতে পারেন। এ জন্য ভবনটিতে কিছু সংস্কার প্রয়োজন। এটি সংস্কারে দুই মাসের মতো সময় লাগতে পারে।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ৫৫৯ দিন দায়িত্ব পালন শেষে গতকাল মঙ্গলবার বিদায় নেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান।

জানা গেছে, তিনি আগের পেশায় ফিরে যাবেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ও দেখভাল করতে পারেন। দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পায়।