দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত আগস্ট মাসে ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, আগস্ট মাসে জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ২১ হাজার ৬৪৬ পিস শাড়ি, ৩ হাজার ৯৬২টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৫ হাজার ১৫৪টি তৈরি পোশাক, ১ হাজার ৮৮৭ মিটার থান কাপড়, ৫ হাজার ৮৫১টি ইমিটেশন গহনা এবং ৬ লাখ ৬ হাজার ২৪১টি কসমেটিকস সামগ্রী। এ ছাড়া ১০ লাখ ৪০ হাজার ১৯৬ পিস আতশবাজি, ৪ হাজার ৭১১ ঘনফুট কাঠ, ১ লাখ ৪ হাজার ৪৯৪ কেজি কয়লা, পাথর, বালু, চা পাতা, সুপারি, মোবাইল ফোন ও মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, চোরাচালানের পাশাপাশি সীমান্তে অবৈধ মাদক পাচার রোধেও বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। গত আগস্টে ৪৫ লাখ ৯৩ হাজার ৮৬৩ পিস ইয়াবা, ৪ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ১ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৬৩৬ বোতল বিদেশি মদ, ৩৪৫ লিটার বাংলা মদ এবং ১ হাজার ৭৫৬ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৮৬৩ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২ লাখ ২৮ হাজার ৩৯টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ২২ হাজার ৬টি বিভিন্ন ধরনের সিরাপ, ১০ হাজার ৬৪৩ পিস অন্যান্য ট্যাবলেট এবং ১ লাখ ২৬ হাজার ৬৬১ প্যাকেট বিড়ি ও সিগারেট জব্দ করা হয়।

অভিযানে ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৭৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত ১৪টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ১০টি পিকআপ, ছয়টি প্রাইভেটকার, তিনটি ট্রলি, ৬১টি সিএনজি, ইজিবাইক, অটোরিকশা ও ঠেলাগাড়ি, ৯১টি মোটরসাইকেল, ৮৩টি বাইসাইকেল ও ভ্যান এবং ৯৭টি নৌকা জব্দ করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে সীমান্তে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা পণ্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।