উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় এবারও বড় কোনো পরিবর্তন আসছে না। সরকার পরিবর্তনের পর মাধ্যমিকের মতো একাদশেও ভর্তি পরীক্ষা চালুর বিষয়ে আলোচনা উঠলেও, শেষ পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের (নম্বর ও পছন্দক্রম) ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত বহাল রাখছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, এবারও একাদশে ভর্তি প্রক্রিয়ায় তেমন পরিবর্তন আসছে না। গতবারের মতো ফল বা নম্বরের ভিত্তিতে ভর্তির নিয়ম রেখে নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আদালতের দেওয়া নির্দেশনা মেনে চার্চ পরিচালিত প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সুযোগ পাবে।Geographic Reference
আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রথমে ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
সারা দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে মোট ২৬ লাখের বেশি আসন রয়েছে। অন্যদিকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। ফলে বরাবরের মতো এবারও বিপুলসংখ্যক আসন ফাঁকা থাকবে।