দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সব সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

উপসচিব ফরিদা ইয়াসমিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার ও শনিবারকে সপ্তাহিক ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

আজ (৫ এপ্রিল) রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে। পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগের শনিবারের পত্রের নির্দেশনা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আদালতের অফিস সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। সেই সঙ্গে বেসরকারি খাতের শিল্প-প্রতিষ্ঠান/কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।