গতকাল ০৬ ফেব্রুয়ারি রাজধানীতে কর্তব্যরত সাংবাদিকদের উপর উদ্দেশ্য প্রণোদিত পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক খুরশিদ আলম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে পুলিশের যেসকল সদস্য এসব হামলায় জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গতকাল শাহবাগ এলাকায় সম্পূর্ণ অন্যায়ভাবে সাংবাদিকদের উপর যে হামলা চালিয়েছে এবং হামলার পরে যে পৈচাশিক উল্লাস করেছে তা দেশের আইন ও মানবাধিকারের লঙ্ঘন। তাদের এই আচরণ স্পষ্ট করে যে, পুলিশে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। সুযোগ পেলে তারা দেশকে বিপদগামী করবে। এসব কর্মকর্তার হাতে দেশ ও দেশের জনগণ নিরাপদ না। তাই আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাই।