২০২৬ সালের জন্য জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের (পিসবিল্ডিং কমিশন-পিবিসি) সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের পাঁচ সদস্যের ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়।

পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কোকে সভাপতি এবং বাংলাদেশসহ জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়াকে সহসভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাত-পরবর্তী দেশগুলোতে স্থিতিশীলতা ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে সহায়তা করে থাকে। এই কমিশন সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘে শীর্ষ সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত মোট ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।

২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এর সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা রেখে আসছে। এর আগে ২০১২ ও ২০২২ সালে বাংলাদেশ পিবিসির সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহসভাপতির দায়িত্ব পালন করে।

এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সহসভাপতির দায়িত্ব গ্রহণ করে। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও মহাসচিবের পক্ষে তাঁর চিফ অব স্টাফ উপস্থিত থেকে শান্তি বিনির্মাণ কমিশনের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল এই দায়িত্বে নির্বাচিত করায় কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পাশাপাশি জাতিসংঘের শান্তি বিনির্মাণ কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সূত্র : ইউএনবি