বিরতির পর রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম। গত বৃহস্পতিবার নতুন সংসদের উদ্বোধনী যাত্রায় রাষ্ট্রপতির ভাষণের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনটি আজ পর্যন্ত মুলতবি করেছিলেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মন্ত্রিপরিষদ বিভাগ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শিক্ষা খাত (মাধ্যমিক, উচ্চ শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা এবং প্রাথমিক ও গণশিক্ষা) ও সমাজকল্যাণ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
এছাড়াও জন-গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার কথা রয়েছে।
শনিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
সরকারি ছুটির দিনগুলো বাদে প্রতিদিন বিকেল ৩টায় সংসদ অধিবেশন শুরু হবে। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এবারের অধিবেশনে সংসদ সদস্যদের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। সংসদ সচিবালয় জানিয়েছে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে।
জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে ২৭টি মনোযোগ আকর্ষণ নোটিশ এবং ৯৭টি সিদ্ধান্ত প্রস্তাব পাওয়া গেছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য মোট ৫০ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে।
এর আগে অধিবেশনের শুরুতে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে কণ্ঠভোটে তারা নির্বাচিত হন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।