টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম এবং এর আশেপাশের পাহাড়ি অঞ্চলের বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আগামীকাল ১০ জুলাই (শুক্রবার) সকালে তিনি দুর্যোগ কবলিত এলাকাগুলো পরিদর্শনে চট্টগ্রামে যাবেন।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলা ও সংলগ্ন পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধস এবং আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে পুরো অঞ্চলের জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে।

সফরকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে সরাসরি সাক্ষাৎ করবেন এবং তাদের খোঁজখবর নেবেন। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় তিনি স্থানীয় প্রশাসন, সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন। একই সাথে তিনি দুর্গত এলাকায় চলমান উদ্ধার তৎপরতা এবং ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করবেন।