এখন থেকে সারাবছরই অনলাইনে ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতাদের জন্য বিশেষ সুবিধা থাকবে বলেও জানান তিনি।
গতকাল মঙ্গলবার ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ দিনে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদরদপ্তরে প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, প্রতিবছর জুন শেষে পরবর্তী নভেম্বরের মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার নিয়ম রয়েছে। চলতি বছর সময় বাড়িয়ে তা ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। গতকাল শেষ দিনেই এই ঘোষণা দিলেন চেয়ারম্যান।
এর আগে নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে প্রদেয় আয়করের ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ করা হতো এবং বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রে ট্যাক্স রিবেট সুবিধা বাতিল করা হতো।
এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি বছরে কর আদায়ের লক্ষ্য বিগত সব সময়ের চেয়ে বেশি পূরণ হবে। কর অব্যাহতি অনেক বেশি। যে কারণে রাজস্ব আয় কমছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমানো হবে।
করের হার না বাড়িয়ে আওতা বাড়ানো হবে জানিয়ে তিনি আরও বলেন, ট্যাক্স লিকেজ বন্ধ করতে উদ্যোগ নেয়া হয়েছে। সুশাসন নিশ্চিত করতে সৎ কর্মকর্তাদের উৎসাহিত করা হচ্ছে। গোয়েন্দা কার্যক্রম বেগবান করে কর ফাঁকিবাজদের চিহ্নিত করা হচ্ছে।