খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম জেলা সফর।
প্রধানমন্ত্রীর আগমনের খবরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সফরের অংশ হিসেবে তিনি বলরামপুর গ্রামের সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এই উদ্যোগের মাধ্যমে দেশের ৫৩টি জেলায় একযোগে খাল পুনঃখনন কার্যক্রম শুরু করা হবে।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মন্ত্রী ও সংসদ সদস্যরা প্রস্তুতি তদারক করছেন। অনুষ্ঠানের জন্য মঞ্চ নির্মাণ করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে খাল খননের উদ্বোধন করবেন। নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং র্যাবের কুকুর স্কোয়াড এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে দুপুর ১২টার মধ্যে কাহারোলে পৌঁছানোর কথা রয়েছে। খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর তিনি সুধী সমাবেশে বক্তব্য দেবেন।
পরে তিনি সাহাপাড়ায় খাল খনন কার্যক্রম পরিদর্শন করবেন এবং সমাবেশ শেষে জেলা শহরের শেখ ফরিদপুর কবরস্থানে গিয়ে তার নানা এম ই মজুমদার, নানি বেগম তৈয়বা মজুমদার ও বড় খালা বেগম খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন।
বিকেলে শহীদ বড় ময়দানের দক্ষিণ প্রান্তে সুধী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা এবং দলীয় ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে তার। কর্মসূচি শেষে রাতেই সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
এদিকে তার সফরকে ঘিরে দিনাজপুরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সভাস্থল প্রস্তুতসহ বিভিন্ন আনুষঙ্গিক কাজ শেষ পর্যায়ে রয়েছে।
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দিনাজপুরবাসী প্রস্তুত রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ১২ দশমিক ৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হলে প্রায় ১০ হাজার বিঘা জমি সেচের আওতায় আসবে এবং প্রায় ৩৫ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল পুনঃখনন, পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়ন ছিল বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ, যা বাস্তবায়নে কাজ করছে সরকার।