পবিত্র ঈদুল ফিতরের পরদিন গাজীপুরসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। রোববার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের উপস্থিতি বাড়তে থাকে এবং দুপুরের দিকে তা আরও দৃশ্যমান হয়। যাত্রীদের ব্যাপক উপস্থিতিতে মহাসড়কজুড়ে সৃষ্টি হয়েছে ব্যস্ততা ও চলাচলের চাপ।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কে ব্যক্তিগত গাড়ি, দূরপাল্লার বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। অনেক যাত্রী ঈদের ছুটি কাটাতে ঘুরতে বের হয়েছেন, আবার কেউ কেউ এখনো গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ফলে একই সময়ে উভয়মুখী যাত্রীর চাপ তৈরি হয়েছে।

বিশেষ করে গাজীপুরের চৌরাস্তা এলাকায় ঢাকা অভিমুখী যানবাহনের সংখ্যা বেশি লক্ষ্য করা গেছে। দূরপাল্লার বাস কাউন্টারগুলোতেও যাত্রীদের ভিড় দেখা যায়। বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে ঘন ঘন বাস ছেড়ে যেতে দেখা গেলেও যাত্রীর চাপ কমেনি।

তবে যানবাহনের চাপ বাড়লেও কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশ মহাসড়কে সক্রিয় থাকায় যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে।

যাত্রীদের অনেকে জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পাশাপাশি অনেকেই অবকাশ যাপন করতে বের হওয়ায় সড়কে এমন চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে যাত্রীরা স্বস্তির মধ্যেই চলাচল করতে পারলেও সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।