নোয়াখালীর হাতিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিবও হামলার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক মিরাজ উদ্দিন গামছাখালী এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গিয়েছিলেন। সেখানে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা চিহ্নিত ক্যাডার ‘পিচ্চি আজাদ’-এর অনুসারী। অভিযোগ রয়েছে, এই আজাদ ও তার দলবল বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম দ্বারা পুনর্বাসিত হয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।
হামলায় সাংবাদিক মিরাজ উদ্দিনের শরীরের বিভিন্ন অংশে রামদার কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে থাকা বাইকচালক সাকিবও বর্তমানে চিকিৎসাধীন।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমি বিষয়টি মাত্র শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
জাতীয়
হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম