১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ভোটদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে দেশব্যাপী "ট্রাকযোগে ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠান" এর অংশ হিসেবে ঢাকা মহানগরীতে আজ এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ভ্রাম্যমান ট্রাকটি ঢাকা মহানগরীর বিভিন্ন জনবহুল এলাকায় সংগীতানুষ্ঠান পরিবেশনের মাধ্যমে জনগণকে ভোটদানে উৎসাহিত করবে।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল সেগুনবাগিচাস্থ বিভাগীয় জেলা তথ্য অফিসপ্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ট্রাকযোগে ভ্রাম্যমান সংগীতানুষ্ঠানের উদ্বোধন করেন।

ঢাকা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মোঃ শাহ আলমের সভাপতিত্বে উদ্বোধনীতে অন্যানের মধ্যে বক্তৃতা করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, জেলা তথ্য অফিস ঢাকার সহকারী তথ্য অফিসার রাকিবুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনীতে মহাপরিচালক আবদুল জলিল সকল রাজনৈতিক দলের সম্মতিতে পাশকৃত জুলাই-সনদের ঘোষনানুযায়ী সংবিধানসংস্কারের মাধ্যমে বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বাংলাদেশ গড়ার লক্ষে জনগণকে ১২ ফেব্রুয়ারির গণভোটে উৎসবমুখর পরিবেশে ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।