নির্বাচনী ইশতেহারের প্রথম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সকাল ১১টায় রাজধানীর বনানী এলাকার টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে পারভীন বেগমের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর একে একে কড়াইল বস্তি এলাকার ১৭টি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী।
পরে ল্যাপটপে বাটন প্রেস করে একযোগে ১৪টি জেলায় ফ্যামিলি কার্ড প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে একযোগে ৩৭ হাজার ৫৬৭ জন নারীর বিকাশ একাউন্টে ২৫০০ টাকা জমা হয়ে যায়।
ক্ষমতাগ্রহণের মাত্র ২১ দিনের মধ্যে নির্বাচনী এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন বিএনপির চেয়ারম্যান। পাইলটিং কর্মসূচির অংশ হিসেবে প্রথম পর্যায়ে দেশের ১৪টি জেলার ১৩ সিটি কর্পোরেশন/ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ৩৭ হাজার ৫৬৭ জন নারীর হাতে এই কার্ড বিতরণ করা হয়। কড়াইল বস্তি ছাড়াও আজ মিরপুর অলিমিয়ারটেক ও বাগানবাড়ী বস্তি, রাজবাড়ীয় পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনায় খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জে ফ্যামিলি কার্ডের কর্মসূচি একযোগে চালু করেন সরকারের দায়িত্বশীল নেতারা।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আবু ইউছুপ ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরেন। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ও ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বক্তব্য দেন।
অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক, বিমান প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ ঢাকার বিভিন্ন আসনের বিএনপির সংসদ সদস্য ও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।