চলতি মাসেই অর্থাৎ, আগামী ২৬ ফেব্রুয়ারি রমযানের মধ্যে জাতীয় সংসদ ভবনে বসতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম অধিবেশন। সংসদ সচিবালয়ের দেওয়া তথ্য থেকে এ কথা জানা গেছে।

বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী, জাতীয় নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। অধিবেশনটি ডাকবেন রাষ্ট্রপতি, তবে তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন। প্রথম বৈঠকের তারিখ ও সময় নির্ধারণ রাষ্ট্রপতির আদেশেই হয়।

এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফল সরকারিভাবে প্রকাশ হয় গত ১৪ ফেব্রুয়ারি। সে হিসাবে আগামী ১৬ মার্চের মধ্যেই এই সংসদের প্রথম অধিবেশন বসতে হবে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বিগত ১২টি জাতীয় সংসদের মধ্যে মাত্র তিনটির প্রথম অধিবেশন রমযান মাসে অনুষ্ঠিত হয়েছিল। কারণ বিগত দিনে জাতীয় সংসদের অধিকাংশ নির্বাচন ডিসেম্বর-জানুয়ারিতে হওয়ায় প্রথম অধিবেশন সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারিতে বসেছে, যা বেশির ভাগ বছরেই রমযানের বাইরে পড়েছে।

তবে ১৯৭০-এর দশক ও ১৯৮০-এর দশকের কিছু নির্বাচনে (যখন রমযান গ্রীষ্ম বা শরৎকালে ছিল) প্রথম অধিবেশন রোজার মাসে পড়েছিল।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি জোট। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেছেন নতুন এ সরকারের মন্ত্রিসভা এবং সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যরা।

একইদিন দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিদায় নিয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তর্বতী সরকার।