সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে সরকার। এখন অপেক্ষা শুধু গেজেট প্রকাশের। নতুন বেতন কাঠামোসংক্রান্ত আদেশ আজ (বুধবার) অথবা আগামীকাল (বৃহস্পতিবার) জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

নতুন বেতন কাঠামো কবে কার্যকর হবে এবং এতে কী কী পরিবর্তন আসছে—এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অর্থ বিভাগ শিগগিরই এ-সংক্রান্ত আদেশ জারি করবে। আদেশ প্রকাশের পর নতুন বেতন কাঠামোর বিস্তারিত জানা যাবে।

এর আগে গত সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে-স্কেলের প্রস্তাব অনুমোদন করা হয়।

নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলি ২০২৬’-এর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত নতুন বেতন স্কেল ও সংশ্লিষ্ট নির্দেশাবলি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

নতুন পে-স্কেলেও সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রাখা হয়েছে। তবে প্রতিটি গ্রেডের মূল বেতন নতুন করে নির্ধারণ করা হয়েছে।

অনুমোদিত কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডে চাকরির শুরুতে মূল বেতন হবে ২০ হাজার টাকা। আর ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

অর্থ বিভাগের আদেশ জারি হলে নতুন বেতন কাঠামোর অন্যান্য সুযোগ-সুবিধা, গ্রেডভিত্তিক বেতন এবং বাস্তবায়নসংক্রান্ত বিষয়গুলোও স্পষ্ট হবে।