বিএনপি সরকার ইতিপূর্বে আগামী দুই বছর বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করার প্রতিশ্রুতি দিলেও আজ ১৯.৮৫ শতাংশ বৃদ্ধি করে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ফলে জনর্ভোগ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাবে।

দেশের চলমান অস্হিতিশীল পরিস্থিতি, অর্থনৈতিক সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

আজ বুধবার (৩ জুন ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন কর্তৃক আয়োজিত এক কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের সামগ্রিক সংকটের চিত্র তুলে ধরে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ড. হামিদুর রহমান আযাদ বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি সর্বস্তরের জনগণের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। একদিকে জ্বালানি তেলের মূল্য বারবার বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে, অন্যদিকে ব্যাংকিং খাত, সীমান্ত নিরাপত্তা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে এক ধরনের তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। জ্বালানির এই নতুন মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ব্যয় এবং কৃষি উৎপাদন খরচ যে হারে বাড়বে, তাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।”

ব্যাংকিং খাতের চলমান সংকট ও গ্রাহকদের ওপর বলপ্রয়োগের সমালোচনা করে তিনি বলেন, “সম্প্রতি ইসলামী ব্যাংকের আমানতকারী ও সাধারণ গ্রাহকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বলপ্রয়োগ, লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। নিজের কষ্টের উপার্জিত আমানতের নিরাপত্তা চাওয়া এবং ব্যাংকিং খাতের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা কোনো অপরাধ নয়; বরং এটি তাদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার। আমরা দাবি জানাচ্ছি, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর একটি নিরপেক্ষ তদন্ত হোক এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা হোক।”

সীমান্ত নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্বের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, “আমাদের সীমান্তে কথিত ‘পুশইন’-এর মতো যেসব ঘটনা ঘটছে, তা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য নতুন এক প্রশ্ন দাঁড় করছে। জাতীয় স্বার্থ রক্ষায় সরকারকে কোনো ধরনের আপস না করে আরও কার্যকর, দৃঢ় ও বলিষ্ঠ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।”

বক্তব্যে ড. হামিদ আযাদ আরো বলেন, “দেশের জনগণ আজ নিজের নিরাপত্তা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। জনগণের মৌলিক অধিকার রক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, স্বাধীন প্রতিষ্ঠানসমূহের সুরক্ষা এবং জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে সরকারকে অবশ্যই লোকদেখানো আশ্বাসের বাইরে গিয়ে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।”

কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আ. স. ম. শাহারিয়ার চৌধুরীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, বড়ঘোপ ইউনিয়নের সভাপতি আহমদ নুর, সেক্রেটারি মাওলানা শামসুল আলম-সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।