মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত মোট ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া এসব ফ্লাইটের বেশিরভাগই শনিবার, রোববার ও সোমবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।
বিমানবন্দর সূত্র জানায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে এমিরেটস-এর ১টি, গালফ এয়ারের ১টি, ফ্লাইদুবাইয়ের ১টি, এয়ার অ্যারাবিয়ার ৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর ৬টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ১১টি ফ্লাইট ছিল।
রোববার (১ মার্চ) সারা দিনে বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়ায় ৪০টিতে। এদিন জাজিরা এয়ারওয়েজের ২টি, এমিরেটসের ৫টি, গালফ এয়ারের ২টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, কাতার এয়ারওয়েজ-এর ২টি, সালাম এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি ফ্লাইট বাতিল করা হয়।
এদিকে সোমবার (২ মার্চ) পর্যন্ত আরও ৩৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৫টি, গালফ এয়ারের ২টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট রয়েছে।
আকাশপথে এই অচলাবস্থার কারণে যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে আশঙ্কা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।