ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে রাজধানীতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। পাশাপাশি ওই দিন বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি জানান, ১১ ও ১২ ফেব্রুয়ারিসহ টানা চার দিনের সরকারি ছুটিতে মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে। নির্বাচনের দিন যাত্রী চাপ বিবেচনায় অতিরিক্ত ট্রেনও চালানো হবে। এতে যাতায়াতে কোনো সমস্যা হবে না।
ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা আরও জানান, ভোট উপলক্ষে ছুটির দিনগুলোতেও মেট্রোরেল চলবে স্বাভাবিক কর্মদিবসের মতোই। তবে নিরাপত্তাজনিত কারণে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে। স্টেশনের অন্যান্য গেট যাত্রীদের জন্য খোলা থাকবে।
নির্বাচনকালীন সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, আবশ্যকীয় নিরাপত্তা কার্যক্রম এবং সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর সব ধরনের ছুটি (বিশেষ বা জরুরি ক্ষেত্র ব্যতীত) বাতিল করা হলো।
একইসঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।