বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, পুরাতন বিমানবন্দরগুলো আগে চালু করা হবে। তারপর যদি নতুন কোন বিমানবন্দর হয় সেটা ময়মনসিংহে হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আমাদের অনেকগুলো বিমানবন্দর বন্ধ রয়েছে, বিগত সরকার বিভিন্ন কারণে এগুলোকে বন্ধ করে দিয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া এগুলো চালু বিমানবন্দর ছিল এগুলোকে আগে চালু করা হবে বলে জানান, ।
তিনি বলেন, বন্ধ করে দেওয়া বিমান বন্দরগুলো আগে চালু করার পরে যদি নতুন কোনো বিমানবন্দর কোনো বিভাগে হয়, তাহলে সেটা ময়মনসিংহে হবে। কিন্তু, তার আগে যেগুলো আছে সেগুলো ঠিক করার জন্য আমাদেরকে সময় দিতে হবে।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রণালয়কে বলেছেন, আপনারা হজের টিকিটের দাম কমান, টিকিটের দাম এত বেশি হবে কেন? বিমান একটা লুজিং কনসার্ন ছিল। কিন্তু আমরা হিসাব করে দেখলাম লুজিং কনসার্ন কেন ছিল। বিমানকে লাভজনক করা সম্ভব এবং টিকিটের দাম কমানোও সম্ভব। আমরা ক্যালকুলেশন করেও দেখেছি যে বিমানের টিকিটের দাম কমানো সম্ভব। বিমানের টিকিটের দাম আপনাদের নাগালের মধ্যেই থাকবে।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সাদাকে সাদা ও কালোকে কালো বলেন, আপত্তি নেই। কিন্তু হলুদ সাংবাদিকতা যেন না হয়। এতে দেশের অনেক ক্ষতি হয়। মিথ্যা সংবাদ, সমাজে বিশৃঙ্খলা ঘটানোর জন্য বিভ্রান্তিকর কোনো খবর যেন ছাপানো না হয়। আসুন আমরা একসঙ্গে দেশ গড়ার কাজ করি। আমরা সরকারে থেকে বুঝতে পারছি প্রত্যেকটি জায়গা ভঙ্গুর। প্রত্যেকটি জায়গা নষ্ট হয়ে গেছে, প্রত্যেক জায়গায় দুর্নীতির ছোঁয়া রয়েছে। সেগুলোকে পূরণ করতে হলে আমাদের সময় দিতে হবে, কাজ করতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাংবাদিক ফজলে এলাহি মাকাম, শুভ্র মেহেদী, খন্দকার রাজু আহমেদ ফুয়াদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।