পবিত্র ঈদুল ফিতরের তারিখ চূড়ান্ত করতে এবং শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) বিশেষ সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা ৬টায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এই সভায় সভাপতিত্ব করবেন।

দেশের ৬৪ জেলা থেকে প্রাপ্ত তথ্য এবং আবহাওয়া দপ্তরের প্রতিবেদন বিশ্লেষণ করে এই সভা থেকেই ঘোষণা আসবে—কবে পালিত হবে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানাতে বিশেষ অনুরোধ করা হয়েছে।

নাগরিকরা সরাসরি কল করে চাঁদ দেখার সংবাদ নিশ্চিত করতে পারবেন ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরগুলোতে।

এছাড়া নিজ নিজ জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) এই তথ্য জানানো যাবে।

সারা দেশের কোটি মানুষের দৃষ্টি এখন আগামীকালের এই সভার দিকে, যেখান থেকে আসবে সেই কাঙ্ক্ষিত ঘোষণা।