ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হবে এবং সারা বছরজুড়েই ধাপে ধাপে ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রবিবার (১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনের কার্যক্রম প্রসঙ্গে মাছউদ বলেন, সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও নানা ধরনের নির্বাচন পরিচালনার দায়িত্ব কমিশনের ওপর বর্তায়। ফলে কমিশনের নিষ্ক্রিয় থাকার কোনো সুযোগ নেই।

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয় ভিত্তিতে হবে এ বিষয়ে সংসদের প্রথম অধিবেশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন বলেও জানান তিনি।

আইন অনুযায়ী গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত থাকবে বলে উল্লেখ করেন।

নির্বাচনী প্রক্রিয়া শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরেন নির্বাচন কমিশনার।

তিনি বলেন, সাংবাদিকরা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ অংশীজন। সাংবিধানিকভাবে গণমাধ্যমের অধিকার রয়েছে কমিশনের সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা করা এবং উন্নতির পথ নির্দেশ করা।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মাছউদ বলেন, নির্বাচনটি ব্যাপকভাবে সফল হিসেবে বিবেচিত হয়েছে। তবে উন্নতির সুযোগ সবসময়ই থাকে। ভবিষ্যতে আরও ভালো নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে কমিশনের।