জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, জন্ম তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের সব আবেদন আর মাঠ পর্যায়ে নিষ্পত্তি হবে না। এসব আবেদন এখন থেকে সরাসরি এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) পর্যায়ে নিষ্পত্তি করা হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে এনআইডি সংশোধনের বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে। এসব আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই নতুন এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশোধন আবেদনগুলো ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। ফলে সেগুলো মাঠ পর্যায় থেকে সরাসরি এনআইডি মহাপরিচালকের অধীনে চলে আসবে এবং মহাপরিচালক পর্যায়েই চূড়ান্ত নিষ্পত্তি হবে।

এ ছাড়া আদেশে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য তিনটি নির্দেশনাও দেওয়া হয়েছে। ইসি জানিয়েছে, নাগরিক সেবা স্বাভাবিক রাখা এবং দীর্ঘদিন ধরে জমে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জরুরি তিন নির্দেশনা

১. জন্ম তারিখ সংক্রান্ত যেসব আবেদন আগে ‘ক-১’ থেকে ‘গ’ ক্যাটাগরিতে ছিল, সেগুলোর তালিকা তৈরি করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে।

২. প্রাপ্ত তালিকা অনুযায়ী, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব আবেদনের ক্যাটাগরি পরিবর্তন করে ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করবেন।

৩. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংশোধন কার্যক্রম সীমিত থাকায় বর্তমানে জমে থাকা অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।