মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র সংঘাতের কারণে বড় ধরনের সিদ্ধান্তের কথা জানালো রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ চারটি রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিমানের এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জরুরি তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এছাড়া, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো আপাতত ১০ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতার প্রভাব সরাসরি পড়েছে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরেও। শুধু গত রবিবারেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৬টি ফ্লাইট বাতিল করতে হয়েছে কর্তৃপক্ষকে।

সব মিলিয়ে চলমান এই সংকটে এ পর্যন্ত বাতিলের খাতায় যোগ হলো প্রায় ৩০০টি ফ্লাইট, যা আকাশপথে যাত্রী পরিবহনে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে।

বিমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত যাত্রীদের তাদের সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি বা বিমানের নিকটস্থ অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।