সংসদে পর্যাপ্ত আলোচনা ছাড়াই বিল পাস করা হচ্ছে—এমন অভিযোগ তুলে কথা বলার সুযোগ না থাকলে সংসদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই প্রশ্ন তুলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যেসব বিলে ভিন্নমত বা ‘ডিসেন্টিং অপিনিয়ন’ রয়েছে, সেগুলো নিয়েও যথাযথ আলোচনা হচ্ছে না। অল্প সময়ের মধ্যে মতামত তুলে ধরা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, প্রস্তাব উপস্থাপনকারীরা তুলনামূলক বেশি সময় পেলেও বিরোধী পক্ষ পর্যাপ্ত সময় পাচ্ছে না, ফলে সংসদীয় বিতর্কের সুযোগ সীমিত হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সংসদে কার্যকর বিতর্ক না থাকলে সেখানে উপস্থিত থাকার গুরুত্ব কমে যায়। বিরোধী দলের সদস্যদের বক্তব্য দেওয়ার যথেষ্ট সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের পূর্ববর্তী নজির অনুসরণ করেই সময় নির্ধারণ করা হয়েছে। আগে আপত্তি উত্থাপনের ক্ষেত্রে দুই মিনিট সময় দেওয়া হলেও বর্তমানে তা বাড়িয়ে ছয় মিনিট করা হয়েছে।
তিনি আরও জানান, দফাওয়ারি সংশোধনী আলোচনার ক্ষেত্রেও সময়সীমা সীমিত থাকে। তবে বিরোধী দলের প্রস্তাব বিবেচনায় নিয়ে আপত্তি উপস্থাপনের সময় আরও বাড়ানোর বিষয়ে তিনি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
দিনের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনে মোট ১৪টি সংশোধনী বিল উত্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯টি বিল পাসের জন্য প্রস্তাব করা হয়েছে এবং নতুন করে আরও ৫টি সংশোধনী বিল আনার উদ্যোগ নেওয়া হয়েছে।