কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নে বিএনপি প্রার্থীর নির্বাচনি অফিসের পাশ থেকে ১০টি হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় দুটি বাজারের ব্যাগে মুখ বাঁধা অবস্থায় এসব বস্তু পাওয়া যায়। ওই বিদ্যালয়টি আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হওয়ার কথা রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় রাজমিস্ত্রি মো. ফরিদ খান সকালে নির্বাচনি অফিসের পাশে দুটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি ব্যাগ থেকে লাল টেপ প্যাঁচানো ৪টি বড় ও ৬টি ছোট আকারের বোমা বা ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে।
কুমারখালী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর তারিক বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ৯-১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।