প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিক প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ এ কথা জানান।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে সেদেশের সংসদীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।' অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক ১৩ সদস্যের সংসদীয় দলের নেতৃত্ব দেন।

এ সময়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুরকে সহায়তা দিলেন প্রধানমন্ত্রী : পাঁচ বছর বয়সী শিশু রাতুলের পরিবার ও বৃদ্ধা শাহানুর বেগমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাতুলের পরিবারের সঙ্গে এবং পরবর্তীতে আগারগাঁও এলাকায় বৃদ্ধা শাহানুর বেগমের সঙ্গে সাক্ষাৎ করে।

তারা শিশু রাতুলের অসুস্থ বাবা মোহাম্মদ রাব্বির সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। অতঃপর তিনি শিশু রাতুলের পরিবার ও বৃদ্ধা শাহানুর বেগমের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় শিশু রাতুলের পড়াশোনার দায়িত্ব নেয় ‘আমরা বিএনপি পরিবার’। পাশাপাশি প্রতিনিধি দলটি রাজধানীর আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা শাহানুর বেগমের সার্বিক খোঁজখবর নেয়।

এ সময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো. মেসবাউল আলম, মশিউর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

‘কৃষক কার্ড’ বিতরণ করবেন প্রধানমন্ত্রী : এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন । কৃষি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটি একটি ডিজিটাল উদ্যোগ।

এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, ঋণ এবং কৃষি উপকরণের সুবিধা পাবেন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা এবং কৃষকদের জন্য নায্যমূল্য নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এই কর্মসূচি বাস্তবায়ন করবে।

এই কর্মসূচির আওতায় প্রত্যেক ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক আর্থিক অনুদান হিসেবে গড়ে ২ হাজার ৫০০ টাকা সমমূল্যের ভর্তুকি বা কৃষি উপকরণ পাবেন।

প্রধানমন্ত্রীর সফরের দিন-তারিখ চূড়ান্ত হয়নি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তিনি প্রথমে কোন দেশ সফর করবেন, সেটিও নির্ধারিত হয়নি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গতকাল (বুধবার) রাতে এ তথ্য জানান। সম্প্রতি এ বিষয়ে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী প্রথমেই ভারত সফর করবেন।

এ প্রসঙ্গে আতিকুর রহমান রুমন বলেন, এসব তথ্য ভিত্তিহীন এবং এর কোনো সত্যতা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করতে এমন গুজব না ছড়ানোরও অনুরোধ করেন। তিনি আরও বলেন, সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানানো হবে।