চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি তদারকি ও ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের অনলাইন সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি জ্বালানি বিক্রয়কেন্দ্রে (পেট্রোল পাম্প) একজন করে সরকারি কর্মকর্তা তদারকির দায়িত্বে থাকবেন।
ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় এই ট্যাগ অফিসারদের নিয়োগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
অন্যদিকে, মেট্রোপলিটন এলাকার বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা (ইউএনও) তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করবেন।
নিযুক্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত বিশেষ পদ্ধতিতে পাম্পের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
জ্বালানি মজুত, বিক্রি এবং সাধারণ ব্যবস্থাপনার বিষয়ে তারা প্রতিদিনের প্রতিবেদন বা ‘ডেইলি রিপোর্ট’ সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে বাধ্য থাকবেন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে ইতিমধ্যে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
দ্রুততম সময়ের মধ্যে কর্মকর্তাদের নিয়োগ সম্পন্ন করে তাদের বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ব্যবস্থার ফলে জ্বালানি খাতে স্বচ্ছতা ফিরে আসবে এবং কৃত্রিম সংকট বা পাচারের মতো ঘটনা রোধ করা সম্ভব হবে।