বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ শনিবার সকালে রাজশাহী পৌঁছালে বিশিষ্ট আলেম শায়খ আবদুর রাজ্জাক বিন ইউসুফ এবং প্রফেসর ড. আসাদুল্লাহ আল গালিবের সাথে সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ এই দুই আলেমের পরিচালনাধীন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং এসব প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করেন।

জামায়াত নেতৃবৃন্দ ইসলামী চিন্তাবিদ, লেখক ও শিক্ষক শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরিচালিত প্রতিষ্ঠান রাজশাহীর ডাঙ্গিপাড়ায় অবস্থিত আল মারকাজুল ইসলামী আস সালাফী পরিদর্শনে গেলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও তাঁর সহকর্মীগণ নেতৃবৃন্দকে স্বাগত জানান। এছাড়াও তাঁরা প্রফেসর ড. আসাদুল্লাহ আল গালিব পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান নওদাপাড়ায় অবস্থিত আল-মারকাযুল ইসলামী আস-সালাফী পরিদর্শন করেন। ‘আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ’ পরিচালিত এই প্রতিষ্ঠানটি ১৯৯১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। নেতৃবৃন্দ এখানে পৌঁছালে এর শিক্ষার্থীগণ তাদের উচ্ছ্বাস প্রকাশ করে। জামায়াত নেতৃবৃন্দ ড. গালিব ও তাঁর সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, রাজশাহী মহানগরী আমীর ড. কেরামত আলী এমপি ও নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ। জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ দুই আলেম এবং তাঁদের সহকর্মীদের দীনি খেদমতের জন্য শুকরিয়া আদায় করেন এবং দীন প্রতিষ্ঠায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে তাঁদের অবদান রাখার আহ্বান জানান।

এর আগে আমীরে জামায়াতসহ নেতৃবৃন্দ বিমানযোগে হযরত শাহ মুখদুম (রা:) এয়ারপোর্টে এসে পৌঁছালে রাজশাহী অঞ্চলের জামায়াত নেতৃবৃন্দ তাঁদেরকে স্বাগত জানান। বিরোধী দলীয় নেতা রাজশাহী সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।