পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যেই অনেকেই বাড়ি ফিরছেন।

বাংলাদেশ রেলওয়ের আয়োজনে শুক্রবার (১৩ মার্চ) ভোর থেকে আনুষ্ঠানিকভাবে রেলপথে বাড়ি ফেরা মানুষের যাত্রা শুরু হয়েছে।

কমলাপুর রেলস্টেশন থেকে ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ যাত্রা সূচিত হয়।

এর পাশাপাশি ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস এবং ভোর সাড়ে ৬টায় সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। পর্যায়ক্রমে সূচি অনুযায়ী অন্যান্য ট্রেনও ছেড়ে যাবে বলে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে।

কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, এ পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই। যাত্রীচাপও তুলনামূলক কম। তবে সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে কিছুসংখ্যক যাত্রীকে যাত্রা করতে দেখা গেছে।

রেলস্টেশনে ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। টিকিটবিহীন যাত্রী এড়াতে প্ল্যাটফর্মের বাইরে বাঁশের বেষ্টনী স্থাপন করা হয়েছে এবং মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।