ঢাকা-৪ আসনের নির্বাচনী প্রচারণায় এক নারী নেত্রীর ওপর বর্বরোচিত হামলাসহ সারাদেশে নির্বাচনী প্রচারণাকালে নারীদের ওপর সংঘটিত হামলার প্রতিবাদে এবং জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীতে বাংলাদেশ মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে মহিলা জামায়াতের নেত্রীবৃন্দ বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই একটি দলের নেতাকর্মীদের কাছে মা-বোনেরা নিরাপদ না হলে তারা ক্ষমতায় গেলে দেশবাসীর জান ও মালের নিরাপত্তা ভয়াবহ হুমকির মুখে পড়বে। নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের ওপর হামলা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হলেও নির্বাচন কমিশন ও প্রশাসনের কার্যকর ভূমিকার অভাবে তারা গভীর ক্ষোভ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, কমিশন ও প্রশাসন যদি কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে, তবে জামায়াতে ইসলামী জনগণের পক্ষে অবস্থান নিতে বাধ্য হবে। নারীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন বলেন,"যারা ১৯ বছর বিদেশে পালিয়ে ছিল তারাই আজ গুপ্ত রাজনীতির কথা বলছে।’ তিনি বলেন, জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী বিদেশে পালিয়ে যায়নি; বরং জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে গেছে। এ আন্দোলনে জামায়াতের শীর্ষ ১১ জন নেতাসহ অসংখ্য নেতাকর্মী শাহাদতবরণ করেছেন।"

তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামীকে সামনে আসতে দেওয়া হয়নি, কিন্তু সংগঠনটি থেমে যায়নি। ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে জামায়াত। দেশের মানুষ দেখেছে কারা জনগণের পাশে ছিল আর কারা সংকটের সময় দেশ ছেড়ে পালিয়ে ছিল।ঃ

নারীদের ওপর হামলা ও হিজাব খুলে দেওয়ার ঘটনাকে সভ্য সমাজের জন্য লজ্জাজনক উল্লেখ করে আয়েশা সিদ্দিকা পারভীন বলেন, "একটি দলের কর্মীরা নারীদের সঙ্গে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার বিরুদ্ধে দলীয়ভাবে কোনো ব্যবস্থা না নেওয়া প্রমাণ করে, নারীদের অধিকার হরণই তাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ।"

সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না উল্লেখ করে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকার রক্ষায় নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় নারী সমাজ রাজপথে নেমে আসতে বাধ্য হবে।"

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসন পরিচালিকা রাবেয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. শিরিন আক্তার রুনা এবং মহানগরীর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তানহা আজমি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সদস্য সচিব নার্গিস খান, কর্মপরিষদ সদস্য কানিজ ফাতেমা, সেলিনা আক্তারসহ বিভিন্ন থানার মহিলা সেক্রেটারিবৃন্দ।