ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। একই সঙ্গে এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
এসটিএফ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোরের মধ্যে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তদন্তকারীদের দাবি, ফিলিপ সাংমা বাংলাদেশি নাগরিক। হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্তকে মেঘালয় সীমান্ত ব্যবহার করে ভারতে প্রবেশ করতে সহায়তা করেছিলেন তিনি। প্রাথমিক তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। সে সময় তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, গুলিটি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান শরিফ ওসমান হাদি।