বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ম্যান্ডেট পাওয়ায় তাকে অভিনন্দন জানান তিনি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধা জানান। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলেছেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী ও গতিশীল করতে কুয়ালালামপুর প্রস্তুত। বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

টেলিফোন আলাপে দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও মতবিনিময় করেন। দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে সংযোগ জোরদার, সরবরাহ শৃঙ্খল সহযোগিতা এবং মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

আনোয়ার ইব্রাহিম সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন, এ সফর দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

উভয় নেতা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে পারস্পরিক সম্মান, আস্থা ও যৌথ সমৃদ্ধির ভিত্তিতে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।