রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার ও আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে গণমাধ্যমকে এ তথ্য জানান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, প্রায় ৭ ঘণ্টা চেষ্টার পর ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। বাসে ঠিক কতজন ছিলেন সঠিকভাবে বলা যাচ্ছে না।
তবে অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে রয়েছে ১১ জন নারী, ৮ শিশু ও ৪ জন পুরুষ। ২১ জনের মরদেহ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি ও দুজন সহকারী ডুবুরি উদ্ধারকাজে অংশ নিয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আগত ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ জন যাত্রী নিয়ে পদ্মায় পড়ে যায়। মুহূর্তে বাসটি পানিতে তলিয়ে যায়। এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।