আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ফ্যামিলি কার্ড চালুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঈদের আগেই পরীক্ষামূলকভিত্তিতে এই কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত মন্ত্রীদের এ বিষয়ে বিস্তারিত অবহিত করেন এবং কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন।

এদিন ফ্যামিলি কার্ড সংক্রান্ত বৈঠক ছাড়াও দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আরও একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’ নিয়ে আলোচনা হবে।

এর আগে একই দিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালক। পাশাপাশি তিন বাহিনীর প্রধানরাও তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।