আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় ঈদের প্রধান জামাত এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নামাজের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে।
প্রতিবছরের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
দেশের প্রধান এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
কোনো কারণে তিনি উপস্থিত থাকতে না পারলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট পীর-মাশায়েখসহ সর্বস্তরের মানুষ এই জামাতে অংশ নেবেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
- প্রথম জামাত: সকাল ৭টা (ইমাম: মাওলানা মিজানুর রহমান)।
- দ্বিতীয় জামাত: সকাল ৮টা (ইমাম: মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী)।
- তৃতীয় জামাত: সকাল ৯টা (ইমাম: মাওলানা মো. জাকির হোসেন)।
- চতুর্থ জামাত: সকাল ১০টা (ইমাম: মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী)।
- পঞ্চম ও শেষ জামাত: সকাল ১০টা ৪৫ মিনিট (ইমাম: মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ)।
জরুরি প্রয়োজনে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য মাওলানা শহীদুল ইসলামকে প্রস্তুত রাখা হয়েছে।
সুষ্ঠুভাবে নামাজ আদায়ের লক্ষে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া মুসল্লিদের জন্য ওজুখানা এবং বিশেষ প্যান্ডেল তৈরির কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে।