ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়ে পরিবর্তনের প্রত্যাশার কথা জানিয়েছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শাল্লা উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শিশির মনির বলেন, দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং তারা এখন দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সরকার প্রত্যাশা করে। তার ভাষায়, ‘বাংলাদেশের মানুষ দুর্নীতি পছন্দ করে না। তারা জীবনমানের উন্নয়ন চায়, একই সঙ্গে এমন একটি সরকার চায়, যারা জনগণের কাছে জবাবদিহি করবে।
তিনি আরও বলেন, দেশের মানুষ আর ‘রাজা-বাদশার স্টাইলের ক্ষমতাবান সরকার’ দেখতে চায় না। বরং সাধারণ মানুষের অংশগ্রহণে পরিচালিত একটি দায়িত্বশীল শাসনব্যবস্থাই এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।
শিশির মনিরের মতে, এবারের নির্বাচন কেবল নিয়মিত ভোট নয়; বরং এটি পরিবর্তনের অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, ‘এটা শুধু ভোট নয়, এটি পরিবর্তনের অঙ্গীকার। নতুন বাংলাদেশ গড়ার জন্য যে সংসদ গঠিত হবে, সেখানে জনগণ এমন প্রতিনিধিদের পাঠাবে, যারা এই পরিবর্তনের বার্তাকে ধারণ করবে।’
উল্লেখ্য, সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী নাছির চৌধুরী, সিপিবির প্রার্থী অ্যাডভোকেট নিরঞ্জন দাস খোকনসহ মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ২৫১ জন। দিরাই ও শাল্লা—এই দুই উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১১১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয়
জীবনমানের উন্নয়নসহ জবাবদিহিমূলক সরকার চায় মানুষ: শিশির মনির