প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবারের মতো তাঁর নিজ জেলা বগুড়া সফরে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম বগুড়া সফর। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বগুড়ার চারদিকে সাজসাজ রব উঠেছে। দলীয় নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হয়েছেন, ঠিক তেমনি সরকারি কর্মকর্তা-কর্মচারিরা নড়েচড়ে বসেছেন। দিনরাত শহরের শোভা বর্ধনে ব্যস্ত সময় পার করছেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারিরা। শহরের ভাঙ্গাচোরা রাস্তায় জরুরি ভিত্তিতে পিচ ঢেলে মেরামতের প্রানপণ চেষ্টা চলছে। রাস্তার মাঝখানের ডিভাইডারে রং করতে ব্যস্ত পৌর সভার কর্মচারিরা।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বহুল কাক্সিক্ষত বগুড়া সিটি কর্পোরেশন-এর ফলক উন্মোচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও বিএনপির জনসভায় অংশগ্রহণ করবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়ায় পৌঁছে সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন এবং ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বেলা ১১:৩০ মিনিটে প্রধানমন্ত্রী বগুড়া পৌরভবনে উপস্থিত হয়ে নবসৃষ্ট ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। এরপর তিনি গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন। ১২:৪৫ টায় বাগবাড়ীতে উপস্থিতি শেষে তিনি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন এবং শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন। দুপুর ১:৪৫ মিনিটে নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। দুপুর পৌনে ৩টায় বাগবাড়ী থেকে বগুড়া সার্কিট হাউজের উদ্দেশ্যে রওয়ানা করবেন এবং বিকেল ৪টায় প্রধানমন্ত্রী আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। জনসভা শেষে তিনি বিকেল ৫:৪৫ টায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন। এরপর ফেরার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)-তে স্বল্পকালীন যাত্রা বিরতি করবেন বলে জানাগেছে।
প্রধানমন্ত্রীর সফরকে নিরাপদ ও নির্বিঘœ করতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্কিট হাউজে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমও অংশ নেন। এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বগুড়ার বিভিন্ন পয়েন্ট। বিশেষ করে তিনি যেখানে যাবেন সেইসব এলাকায় দুদিন আগে থেকেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা দফায় দফায় তল্লাশী চালিয়ে যাচ্ছেন। জনসভাস্থল, প্রেসক্লাব, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, জজকোর্ট ভবন সহ প্রধানমন্ত্রী যেখানে যেখানে যাবেন সবখানেই নিরাপত্তার চাদর বিছিয়েছে নিরাপত্তা বাহিনী। শনিবার দুপুরে জনস্থাস্থল আলতাফুন্নেছা খেলার মাঠ, প্রেসক্লাব ভবন এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের বিভিন্ন এলাকা ডগস্কোয়াড দিয়ে তল্লাশী চালিয়েছে সেনাবাহিনী। এছাড়াও এসএসএফ কর্মকর্তারা সার্বক্ষণিক এসব এলাকায় নজরদারি করছেন।
ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার দুপুরে বগুড়ায় হাম-রুবেলা জাতীয় টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি সকালে সড়ক পথে বগুড়ায় পৌঁছে দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়ীস্থ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছে বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ। রোববার বিকেলে বগুড়া সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আয়োজিত এস প্রেস ব্রিফিং এ সব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডাঃ এসএম নূর ই শাদীদ। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। ডেপুটি সিভিল সার্জন বলেন, বগুড়া জেলার ১২ টি উপজেলার ১০৯টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা এলাকায় স্থায়ী ও অস্থায়ী ২৮৭৩টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৬৮ হাজার ৪৯৪ জন শিশুকে হাম -রুবেলা টিদাকদানের আওতায় নেয়া হয়েছে। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত প্রতিদিনি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে টিকাদান কার্যক্রম চলবে। সভায় আরো জানানো হয়, জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে একজন শিশু ও উপসর্গ নিয়ে একজন মারা গেছে। এ ছাড়া ৬ জন হাম আক্রান্ত পজেটিভ রোগী পাওয়া গেছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩২জন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৭জন। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ^ স্বাস্থ্য সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ডাঃ একেএম কামরুজ্জামান, বগুড়া জেলা প্রতিনিধি ডাঃ তারিক মোঃ রেজা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আজিজুল হক বাপ্পা, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।