জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি জানানো হয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ গত মঙ্গলবার (৩১ মার্চ) জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের গভর্নর মিস্টার ব্রায়ান পি. কেম্প সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাবাহিনী প্রধানের নিকট এ সম্মাননা তুলে দেন।

জর্জিয়া স্টেট সিনেট রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সমর্থনে গৃহীত এ রেজ্যুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানানো হয়। এ রেজ্যুলেশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।

এর আগে একই দিনে সকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নর ব্রায়ান পি. কেম্প-এর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই পক্ষ সামরিক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশগ্রহণ করে। এ সময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর মিস্টার বার্ট জোনস-এর সঙ্গেও সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।