পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। 

সোমবার (৯ মার্চ) অগ্রিম টিকিট বিক্রির নির্ধারিত সূচির শেষ দিন। আজ বিক্রি হচ্ছে আগামী ১৯ মার্চের আন্তনগর ট্রেনের টিকিট।

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, যারা ১৯ মার্চ ট্রেনে ভ্রমণ করতে চান, তাদের আজই অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। এবারের ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। সম্প্রতি রেল ভবনে অনুষ্ঠিত ঈদযাত্রা প্রস্তুতিমূলক সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়।

নিয়ম অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। অগ্রিম কেনা টিকিট ফেরত বা রিফান্ড করার সুযোগ নেই। এছাড়া নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ টিকিট দাঁড়িয়ে ভ্রমণের জন্য (স্ট্যান্ডিং) বরাদ্দ রাখা হয়েছে, যা যাত্রার দিন শুরুর স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

গত ৩ মার্চ থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রমের আজই শেষ দিন। এর আগে ধাপে ধাপে ১৩ থেকে ১৮ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হয়েছে।

তবে রেল ভবন সূত্রে জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

যাত্রীদের ভোগান্তি কমানো এবং কালোবাজারি ঠেকাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সীমিত সংখ্যক স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থাও রেখেছে রেল কর্তৃপক্ষ।