আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোট। নির্বাচনকে ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহর থেকে ভোট দিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। বাস-ট্রেনে দেখা গেছে উপচে পড়া ভীড়। ইতোমধ্যেই শেষ হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারণা। তবে বিগত সময়ে সাধারণ মানুষ ভোট দিতে না যাওয়ায় অনেকেই জানেন না তাদের ভোটকেন্দ্র কোথায়। আর এবার উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ভোটার হওয়ায় অনেকেই জানেন না তাদের ভোটার নাম্বার কত? এভাবে ভোট দেয়ার এমন অনেক তথ্যই ভোটারদের অজানা থাকে।
আর তাই ভোটারদের এই দুশ্চিন্তা দূর করতে এবং তথ্যপ্রাপ্তি সহজ করতে ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন ঘরে বসেই স্মার্টফোন বা সাধারণ ফোনের মাধ্যমে কয়েক সেকেন্ডে জানা যাবে কাঙ্ক্ষিত সব তথ্য।
১. হাতের মুঠোয় সমাধান: ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপ
ডিজিটাল বাংলাদেশের আধুনিক ভোটারদের জন্য সবচেয়ে সহজ সমাধান হলো এই অ্যাপটি।
• কীভাবে : Play Store বা App Store থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড করুন।
• পদ্ধতি : অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ বেছে নিন। এরপর ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে গিয়ে নিজের এনআইডি (NID) নম্বর ও জন্ম তারিখ দিলেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার কেন্দ্র, ভোটার নম্বর এবং কেন্দ্রের অবস্থান।
২. সরাসরি কথা বলুন হটলাইন ১০৫-এ
যাদের ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা রয়েছে, তাদের জন্য ইসি চালু রেখেছে ২৪ ঘণ্টার বিশেষ সেবা।
• কীভাবে : যেকোনো ফোন থেকে কল করুন ১০৫ নম্বরে।
• পদ্ধতি : কল করে সরাসরি অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপুন। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেবাটি চালু থাকবে। তবে মনে রাখবেন, কল করার আগে আপনার এনআইডি নম্বরটি হাতের কাছে রাখুন।
৩. এসএমএস-এই জানা যাবে তথ্য!
স্মার্টফোন নেই? কোনো সমস্যা নেই! সাধারণ একটি খুদে বার্তার মাধ্যমেই জেনে নিন আপনার তথ্য।
• কীভাবে : মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন— PC <স্পেস> NID Number।
• গন্তব্য : পাঠিয়ে দিন ১০৫ নম্বরে। ফিরতি এসএমএসেই আপনাকে আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানিয়ে দেওয়া হবে।
৪. ইসির অফিসিয়াল ওয়েবসাইট
ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারকারীরাও সহজে তথ্য খুঁজে নিতে পারবেন।
• কীভাবে : ব্রাউজারে গিয়ে লগইন করুন ecs.gov.bd ওয়েবসাইটে।
• পদ্ধতি : ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করে এনআইডি ও জন্ম তারিখ দিয়ে ব্যক্তিগত তথ্য খোঁজা যাবে। এছাড়াও এই ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রের সঠিক অবস্থান ও যাওয়ার পথ দেখার বিশেষ সুবিধাও রয়েছে।
উল্লেখিত পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি সহজেই জেনে নিতে পারবেন আপনার ভোটার নাম্বারসহ প্রয়োজনীয় তথ্য। আর তাই শেষ মুহূর্তের ভিড় এড়াতে আজই আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বরটি সংগ্রহ করে নিন।